আমানতদারির অঙ্গীকার

গোপনীয়তা নীতি

প্রতিষ্ঠানের তথ্য একটি আমানত। পাঠডেস্ক (PathDesk) কোন তথ্য রাখে, কেন রাখে, কারা দেখতে পায় এবং আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন — সহজ ভাষায় নিচে লেখা হলো।

কার্যকর: ৭ নভেম্বর ২০২৬

আমরা কারো তথ্য বিক্রি করি না
বিজ্ঞাপনদাতারা কোনো ব্যক্তিগত তথ্য পায় না
পাসওয়ার্ড ও bKash-এর গোপন তথ্য এনক্রিপ্ট করা থাকে
কে কী দেখল তা নয়, শুধু গুরুত্বপূর্ণ কাজ লগে থাকে

১. কে কোন তথ্যের মালিক

PathDesk একটি অনলাইন সেবা, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থী, শিক্ষক, বেতন ও হিসাব পরিচালনায় ব্যবহার করে। প্রতিটি প্রতিষ্ঠান তার নিজের তথ্যের মালিক। প্রতিষ্ঠান যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বা লেনদেনের তথ্য দেয়, আমরা তা শুধু প্রতিষ্ঠানের পক্ষে সংরক্ষণ ও প্রক্রিয়া করি — নিজেদের কাজে ব্যবহার করি না।

এক প্রতিষ্ঠানের তথ্য অন্য প্রতিষ্ঠান কখনো দেখতে পায় না; সিস্টেমের প্রতিটি অনুসন্ধানে প্রতিষ্ঠান আলাদা রাখার নিরাপত্তা-ব্যবস্থা আছে।

২. কী তথ্য রাখা হয়

  • প্রতিষ্ঠানের তথ্য: নাম, ঠিকানা, ফোন, ইমেইল, লোগো, ওয়েবসাইটের লেখা ও ছবি।
  • শিক্ষক ও স্টাফ: নাম, মোবাইল, পদবি, যোগ্যতা, ছবি, মাসিক বেতন ও বেতন প্রদানের রেকর্ড।
  • শিক্ষার্থী ও অভিভাবক: নাম, শিক্ষার্থী আইডি, শ্রেণি, রোল, অভিভাবকের নাম ও মোবাইল, ঠিকানা, জন্মতারিখ, ছবি, হাজিরা, পরীক্ষার নম্বর ও সনদ — যা প্রতিষ্ঠান নিজে লিখে দেয়।
  • অভিভাবকের মতামত ও অভিযোগ: অভিভাবক যা লেখেন এবং তার উত্তর। প্রতিষ্ঠান প্রধান সব দেখেন; শিক্ষক শুধু তাঁর উদ্দেশ্যে লেখা বার্তা দেখেন, আর অভিযোগ দেখেন কেবল প্রতিষ্ঠান প্রধান পাঠালে। অভিভাবক চাইলে শিক্ষকের কাছে নিজের ও সন্তানের নাম গোপন রাখতে পারেন। বার্তার লেখা কার্যক্রম লগে যায় না।
  • আর্থিক তথ্য: বেতন ও ফি-এর বিল, রসিদ, দান-অনুদান, খরচ ও ভাউচারের ছবি। bKash-এ পেমেন্ট হলে লেনদেন নম্বর (TrxID); আপনার bKash PIN আমরা কখনো দেখি না।
  • প্রযুক্তিগত তথ্য: গুরুত্বপূর্ণ কাজের সময়, আইপি ঠিকানা ও ব্রাউজারের ধরন (কার্যক্রম লগের জন্য)।
  • কুকি: শুধু লগইন ধরে রাখার জন্য একটি এনক্রিপ্ট করা কুকি; আলো/অন্ধকার থিম আপনার ব্রাউজারেই মনে রাখা হয়। কোনো ট্র্যাকিং বা বিজ্ঞাপনী কুকি নেই।

৩. তথ্য কেন ব্যবহার করা হয়

  • সেবা চালানো: ভর্তি, বেতন আদায়, রসিদ, হিসাব, মার্কশিট, সনদ ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখানো।
  • প্রতিষ্ঠানের চালু করা রিমাইন্ডার: বকেয়া বেতন বা অনুপস্থিতির SMS ও স্বয়ংক্রিয় কল।
  • পেমেন্ট সম্পন্ন করা ও সাবস্ক্রিপশন চালু রাখা।
  • নিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ ও অভিযোগের নিষ্পত্তি।
  • সেবা উন্নত করতে সমষ্টিগত পরিসংখ্যান (যেমন মোট প্রতিষ্ঠান বা শিক্ষার্থীসংখ্যা) — যাতে কোনো ব্যক্তিকে চেনা যায় না।

৪. কার্যক্রম লগ (অডিট লগ)

প্রতিটি টাকার হিসাব স্বচ্ছ রাখতে সিস্টেম গুরুত্বপূর্ণ কাজের একটি রেকর্ড রাখে — কে, কখন, কী করেছেন।

যা লগে থাকে

  • লগইন ও ভুল পাসওয়ার্ডে লগইনের চেষ্টা
  • বেতন আদায়, বিল তৈরি, অনলাইন পেমেন্ট
  • আয়-ব্যয় এন্ট্রি যোগ, সংশোধন (আগের ও পরের অঙ্কসহ) ও মুছে ফেলা
  • বেতন প্রদান ও মূল বেতন পরিবর্তন
  • শিক্ষার্থী ভর্তি, অবস্থা পরিবর্তন; শিক্ষক যোগ ও নিষ্ক্রিয় করা
  • সেটিংস, bKash ও অনুমতি পরিবর্তন; ফলাফল প্রকাশ; সনদ ইস্যু

যা লগে থাকে না

  • কে কোন পেজ বা কোন শিক্ষার্থীের প্রোফাইল দেখলেন
  • পাসওয়ার্ড, bKash-এর key বা অন্য গোপন তথ্য
  • শিক্ষার্থীের ব্যক্তিগত তথ্যের মান (যেমন নতুন ফোন নম্বর) — শুধু “পরিবর্তিত” লেখা থাকে
  • অভিভাবক ও শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যবহার
  • কে দেখতে পান: প্রতিটি প্রতিষ্ঠানের এডমিন নিজের প্রতিষ্ঠানের লগ দেখতে পান। শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থীরা দেখতে পান না।
  • প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ: সাধারণভাবে শুধু প্ল্যাটফর্ম-স্তরের লগ দেখে (নতুন নিবন্ধন, প্ল্যান কেনা, অ্যাকাউন্ট স্থগিত)। কোনো প্রতিষ্ঠানের নিজস্ব লগ খোলা হয় কেবল সাপোর্ট বা অভিযোগের প্রয়োজনে, কারণ লিখে — এবং সেই দেখার ঘটনাটিও কারণসহ ওই প্রতিষ্ঠানের নিজের লগে জমা হয়, যাতে প্রতিষ্ঠান জানতে পারে।
  • পরিবর্তন করা যায় না: লগ কেউ সম্পাদনা বা মুছতে পারেন না — এডমিনও না।
  • মেয়াদ: ১২ মাস পর লগ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

৫. যাদের সাথে তথ্য যায়

আমরা কারো তথ্য বিক্রি বা ভাড়া দিই না। সেবা চালাতে শুধু প্রয়োজনীয় অংশটুকু নিচের সেবাদাতাদের কাছে যায়:

  • bKash: অনলাইন পেমেন্টের অঙ্ক ও বিলের নম্বর।
  • SMS ও কল সেবাদাতা: রিমাইন্ডার পাঠানোর জন্য অভিভাবকের মোবাইল নম্বর ও বার্তা।
  • imgbb (ছবি সংরক্ষণ): আপলোড করা ছবি (লোগো, শিক্ষার্থী-শিক্ষকের ছবি, ভাউচার) imgbb-তে রাখা হয়। ছবির লিংক যার কাছে থাকবে সে ছবিটি দেখতে পারবে — তাই সংবেদনশীল কাগজপত্রের ছবি আপলোড না করার অনুরোধ রইল।
  • হোস্টিং ও ডেটাবেস: ওয়েবসাইট ও ডেটা নিরাপদ ক্লাউড সার্ভারে (Vercel, MongoDB) থাকে।
  • আইনগত প্রয়োজনে: বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ কর্তৃপক্ষ লিখিতভাবে চাইলে।
ড্যাশবোর্ডে স্পন্সরড বিজ্ঞাপন দেখানো হতে পারে, তবে বিজ্ঞাপনদাতারা কোনো প্রতিষ্ঠান, শিক্ষার্থী বা অভিভাবকের তথ্য পায় না। বিজ্ঞাপন শুধু প্ল্যান ও ব্যবহারকারীর ধরন (এডমিন/শিক্ষক ইত্যাদি) দেখে দেখানো হয়।

৬. নিরাপত্তা

  • সব যোগাযোগ HTTPS-এ এনক্রিপ্ট করা।
  • পাসওয়ার্ড এমনভাবে রাখা হয় যে আমরাও তা পড়তে পারি না (bcrypt হ্যাশ)।
  • প্রতিষ্ঠানের bKash-এর key ও পাসওয়ার্ড AES-256 দিয়ে এনক্রিপ্ট করা; কখনো স্ক্রিনে বা লগে দেখানো হয় না।
  • ভূমিকাভিত্তিক অনুমতি: শিক্ষক হিসাব দেখতে পারেন না, অভিভাবক শুধু নিজের সন্তানের তথ্য দেখেন।
  • শেয়ার করা কম্পিউটারে কাজ শেষে লগআউট করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

৭. কতদিন রাখা হয় ও মুছে ফেলা

  • অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষিত থাকে।
  • কার্যক্রম লগ ১২ মাস পর নিজে থেকে মুছে যায়।
  • প্রতিষ্ঠান অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে আমাদের জানান; আগে চাইলে হিসাবের CSV নামিয়ে নিতে পারবেন। অনুরোধের ৩০ দিনের মধ্যে সব তথ্য মুছে ফেলা হবে, তবে আইনগতভাবে প্রয়োজনীয় পেমেন্ট রেকর্ড আইন অনুযায়ী সময় পর্যন্ত রাখা হতে পারে।

৮. শিক্ষার্থীদের (শিশুদের) তথ্য

অনেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক। শিক্ষার্থীরা নিজে অ্যাকাউন্ট খোলে না — প্রতিষ্ঠান তাদের তথ্য লেখে এবং অভিভাবককে লগইন দেয়। শিক্ষার্থীের তথ্য সংগ্রহের জন্য অভিভাবকের সম্মতি নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের পাবলিক ওয়েবসাইটে শুধু মোট শিক্ষার্থীসংখ্যার মতো পরিসংখ্যান দেখানো হয়; কোনো শিক্ষার্থীের নাম, ছবি বা ফোন নম্বর সেখানে প্রকাশ করা হয় না।

৯. আপনার অধিকার

  • দেখা ও সংশোধন: প্রতিষ্ঠানের এডমিন যেকোনো সময় নিজের সব তথ্য দেখতে ও ঠিক করতে পারেন।
  • নামিয়ে নেওয়া: হিসাব ও বেতন শিট CSV আকারে ডাউনলোড করা যায়।
  • মুছে ফেলা: অ্যাকাউন্ট বন্ধ ও তথ্য মুছে ফেলার অনুরোধ করা যায় (৭ নম্বর অংশ দেখুন)।
  • অভিভাবক ও শিক্ষক: নিজের বা সন্তানের তথ্য সংশোধন বা মুছতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন; প্রয়োজনে আমরা প্রতিষ্ঠানকে সহায়তা করব।

১০. নীতিমালার পরিবর্তন

এই নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে কার্যকর হওয়ার আগে প্রতিষ্ঠানের এডমিনদের ড্যাশবোর্ডে ঘোষণা দিয়ে জানানো হবে এবং এই পেজের তারিখ হালনাগাদ হবে।

১১. যোগাযোগ

গোপনীয়তা বিষয়ে প্রশ্ন, অভিযোগ বা তথ্য মুছে ফেলার অনুরোধ: